সিদ্ধিরগঞ্জের চাঁদাবাজ সালাউদ্দিনের বিচার দাবি জাসাস কেন্দ্রীয় নেতা জাকির হোসেন আখেরের

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:২৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬


নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন লোকসংগীত শিল্পী ও জাসাস কেন্দ্রীয় নেতা জাকির হোসেন আখের। এ ঘটনায় অভিযুক্ত সিদ্ধিরগঞ্জের সালাউদ্দিনের বিচার দাবি করেছেন তিনি।



জাকির হোসেন আখেরের অভিযোগ, সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হন এবং চিকিৎসা নিতে হয়।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ঘটনার পর তৎকালীন বিএনপির নেত্রীর কাছে বিষয়টি তুলে ধরেছিলেন। তখন তাকে আশ্বাস দেওয়া হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে এবং সুযোগ তৈরি হলে এ ঘটনার বিচার করা হবে।



জাকির হোসেন আখের বলেন, “সিদ্ধিরগঞ্জের সালাউদ্দিন চাঁদার দাবিতে আমার ওপর হামলা করেছিল। নেত্রী কথা দিয়েছিলেন, সুযোগ এলে বিচার হবে। আমার দুর্ভাগ্য, নেত্রী বেঁচে নেই। কিন্তু বিএনপি ক্ষমতায়। আমার বিচারের ভার ছেড়ে দিয়েছি আমার প্রাণপ্রিয় সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতা-কর্মীদের ওপর।”

দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার দাবি করে জাকির হোসেন আখের বলেন, তিনি প্রতিহিংসার বিচার চান না; বরং ওই সময়ের হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।