পশুর নদে ডুবলো ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬

মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটির নয়জন কর্মী সাঁতরে পাশের একটি জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাকবলিত জাহাজের কর্মীদের ভাষ্য অনুযায়ী, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা নিয়ে মোংলার দিকে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই কার্গোটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি ফুলবাড়ী আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। জাহাজটি কয়লা নিয়ে ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানিয়েছেন, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে গেছে। ফলে নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এ পথে নৌযান চলাচল স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে মালিকপক্ষ।