যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে দুখু মিয়া ওরফে মারুফ নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর ধলপুরের সিটি গলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অস্ত্রধারী এলাকাটিতে তাণ্ডব চালিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে সিটি গলি ধরে বের হয়ে যায়। এ সময় তাদের গুলিতে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন মারুফ। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরে পরিবার ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরেন তিনি। কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে থেকে আসার কথা বলে বেরিয়ে যান। পরে লোকমুখে ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পেয়ে তারা জানতে পারেন, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, এলাকায় মারুফের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।