বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিচারকরা। ফুয়াদের বক্তব্যের ব্যাখ্যা শোনার পর আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন তিনি। বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির বিষয়টি তুলে ধরেছেন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’- এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে উল্লেখ করে বিচারকরা বলেন, আদালত অবমাননা করলে জেলে যেতে হয়। তবে ফুয়াদ একজন আইনজীবী ও ব্যারিস্টার এবং সম্মানীয় ব্যক্তি। তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করার পাশাপাশি কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কারণ, তাঁর একটি মন্তব্যে যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে।
এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান তিনি। এর আগে ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগে ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। পরে ৪ নভেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় হাজির হতে আরও সময় চান তাঁর আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়। এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ফুয়াদের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।