এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ পরীক্ষার্থীর ফলের উন্নয়ন

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফলাফল উন্নীত হয়েছে। অর্থাৎ আগের প্রকাশিত ফলের তুলনায় তাদের ফল ভালো হয়েছে। আজ সোমবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।


তবে পুনর্নিরীক্ষণে নতুন করে কতজন জিপিএ-৫ পেয়েছেন এবং কতজন ফেল থেকে পাস করেছেন, তা এখনো জানানো হয়নি। এ তথ্য কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।