চট্টগ্রামে জলাবদ্ধতা: ৬৫০ যাত্রী নিয়ে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

টানা ভারী বৃষ্টিতে রেললাইনে পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের ষোলশহর এলাকায় আটকা পড়েছে। প্রায় ৬৫০ যাত্রী নিয়ে আসা ট্রেনটি বিকেল পর্যন্ত গন্তব্যের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করতে পারেনি।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইনে জমে থাকা পানির কারণে ট্রেনটি আর সামনে এগোতে পারেনি। পরে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়।

ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসে ৬৫০ জনের বেশি যাত্রী ছিলেন। রেললাইন থেকে পানি না সরা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।

মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। তবে চট্টগ্রামে প্রবেশের পরই দুর্যোগের কারণে যাত্রা বাধাগ্রস্ত হয়।

আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে এদিন দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর প্রভাব পড়েছে রেল চলাচলেও।