ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে
ভারতকে সেমিফাইনালে এড়াতে চেয়েছিল বাংলাদেশ। এজন্য গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া ছিল জরুরি। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে সেই সুযোগ হাতছাড়া করে টাইগ্রেসরা। ফলে এশিয়া কাপের শেষ চারে ভারতের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে।
অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারত এবং বাংলাদেশের মতো রানার্সআপ দলের মধ্যেই সেমিফাইনালের লড়াই হওয়ার কথা ছিল। সেই সমীকরণেই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সেমিফাইনালের কঠিন বাধা পেরিয়ে ফাইনালের মঞ্চে ওঠার লক্ষ্য নিগার সুলতানাদের। ভারত নিশ্চিতভাবেই ফেভারিট, তবে প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য নিজেদের আছে বলেই বিশ্বাস বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তারের।
ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ জানিয়ে মারুফা বলেন, ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ। এ ম্যাচ জিততে পারলে আমরা ইনশাআল্লাহ ফাইনালে খেলব।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে এই পেসার আরও বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেভাবে অবদান রেখে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবে খেলা চালিয়ে যেতে পারি। আর দলের অন্য সিনিয়র আপুরাও যেন একইভাবে দলকে সহযোগিতা করতে পারেন। আপনারা দোয়া রাখলে কালকের ম্যাচটি আমরা ইনশাআল্লাহ জয় দিয়ে শেষ করতে পারব।
এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার মারুফাই। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি এবং ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ১৮তম স্থানে উঠে এসেছেন এই পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ অবস্থানে।
ভারতের বিপক্ষে সেমিফাইনালেও নতুন বলে মারুফার দিকেই থাকবে বাংলাদেশের বড় প্রত্যাশা। তার গতি ও সুইংয়ে ভারতীয় ব্যাটারদের বিপাকে ফেলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার বড় সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।
তবে পরিসংখ্যান খুব একটা স্বস্তি দিচ্ছে না বাংলাদেশকে। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে টাইগ্রেসরা। বিপরীতে হার ২১টি।
তারপরও অনুপ্রেরণার জায়গা হয়ে আছে ২০১৮ সালের সেই ঐতিহাসিক জয়। কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর এবার এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই দল।
দুবাইয়ের মঞ্চে এবার কি কুয়ালালামপুরের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারবেন নিগার সুলতানা জ্যোতিরা? উত্তর মিলবে আজকের মহারণেই।