কেক কেটে উদযাপিত হলো এস ইউ শিকদারের জন্মদিন
শিকদার প্লাজায় বাংলাদেশ জাদুকর পরিষদের বর্ণাঢ্য আয়োজন
রিপোর্ট : শেখ মো. শাহিনুর রহমান উজ্জ্বল
আজ ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত জাদুশিল্পী, বাংলাদেশ জাদুকর পরিষদের সভাপতি এবং ম্যাজিক বাংলা টিভির চেয়ারম্যান মো. ছফির উল্লাহ শিকদার (এস ইউ শিকদার)-এর শুভ জন্মদিন।
এ উপলক্ষে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ীস্থ শিকদার প্লাজায় বাংলাদেশ জাদুকর পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠান। জন্মদিনের এ আয়োজনে কবি, সাহিত্যিক, লেখক, খ্যাতিমান জাদুশিল্পী, সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শাহীন রেজা, জাদুকন্যা এস কে ফাতেমা স্বপ্না, ইঞ্জিনিয়ার সুমন, সঙ্গীতশিল্পী শেখ সোনিয়া, জাদুশিল্পী সাইমন, জাদুশিল্পী কে কে আরিয়ানাসহ আরও অনেকে।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কেটে এস ইউ শিকদারের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। উপস্থিত সবাই তাঁকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও জন্মদিনের শুভকামনা জানান।
জন্মদিনের আনন্দকে আরও বর্ণিল করে তোলে ম্যাজিক বাংলা টিভির শিল্পীদের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীরা নাচ, গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় চেয়ারম্যানের জন্মদিন উদযাপন করেন। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর আবহ।
জাদুর সঙ্গে বেড়ে ওঠা
১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেয়ারম্যান আবদুল হামিদ শিকদার চিশতি ও হায়াতুন্নেছার ঘরে জন্মগ্রহণ করেন ছফিরউল্লাহ শিকদার। পিতা আদর করে শৈশবেই তাঁকে ‘আমার জাদু’ বলে ডাকতেন। পরবর্তীতে সেই ডাক যেন জীবনের সঙ্গে মিশে যায়। জাদুর জগতে তিনি পরিচিতি পান এস ইউ শিকদার নামে।
১৯৬৪ সালে মহাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তীতে ঢাকা বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন।
শৈশবেই জাদুর প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। ১৯৬৬ সালে প্রখ্যাত জাদুশিল্পী শাহমানির জাদু দেখে তিনি অনুপ্রাণিত হন। পরে শাহমানির মাধ্যমে পুরান ঢাকার নবাবপুরে জাদুশিল্পী এস. এ. হকের কাছে জাদুবিদ্যায় হাতেখড়ি নেন। তিনটি অসমান দড়িকে সমান করার জাদুকৌশল শেখার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক জাদুচর্চার সূচনা।
পরবর্তীতে জাদুশিল্পী শাহমানির কাছে দীর্ঘদিন মঞ্চ জাদু ও উপস্থাপনার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৯ সালে ঢাকার মহাখালী প্যারামেডিকেল অডিটোরিয়ামে জীবনের প্রথম মঞ্চ জাদু প্রদর্শন করেন এস ইউ শিকদার। প্রথম প্রদর্শনীতেই দর্শকদের প্রশংসা অর্জন করেন তিনি।
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে
জাদুশিল্পে দক্ষতা অর্জনের পর এস ইউ শিকদার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ম্যাজিশিয়ানস’-এর বার্ষিক ম্যাজিক কনভেনশনে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ভারত, চীন, ইংল্যান্ড, হংকং, থাইল্যান্ড, কোরিয়া ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ সফর করে জাদু প্রদর্শন করেন। ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে ‘মারিবেল থিয়েটারে’ জাদু প্রদর্শন করে প্রশংসা অর্জন করেন।
২০০৯ সালের ২৭ ও ২৮ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘The 24th FISM World Championship’ আন্তর্জাতিক ম্যাজিক কনভেনশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। সেখানে তাঁর অংশগ্রহণ এবং অর্জিত পদক ও সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাদুশিল্পের পরিচিতি আরও বাড়ায়।
বৃহৎ ইলিউশনের অনন্য কারিগর
এস ইউ শিকদারের জাদু প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো বৃহৎ ইলিউশন। ট্রেন ভ্যানিশ, প্লেন ভ্যানিশ, গাড়ি ভ্যানিশ, গিলোটিন ও কামানের মতো বড় ইলিউশন প্রদর্শনের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন।
তাঁর মঞ্চ উপস্থাপনায় জাদুর কৌশলের পাশাপাশি নাটকীয়তা, নান্দনিকতা, আলো, সংগীত ও মঞ্চকৌশলের সমন্বয় দেখা যায়। ফলে তাঁর জাদু প্রদর্শনী কেবল জাদুর কৌশল দেখানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিণত হয় একটি পূর্ণাঙ্গ বিনোদন পরিবেশনায়।
জাদুশিল্পে দীর্ঘ পথচলা
দীর্ঘ প্রায় ছয় দশকের জাদুশিল্পী জীবনে এস ইউ শিকদার অর্জন করেছেন দেশ-বিদেশের দর্শকদের ভালোবাসা ও সম্মান। জাদুশিল্পের পাশাপাশি তিনি নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করে আসছেন এবং দেশের জাদুশিল্পকে আরও সমৃদ্ধ করার সঙ্গে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর নিরলস সাধনা, সৃজনশীলতা ও মঞ্চনৈপুণ্য বাংলাদেশের জাদুশিল্পকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাদুশিল্পের পরিচিতি তুলে ধরতেও তিনি ভূমিকা রেখেছেন।
জন্মদিনের এ আয়োজনে শুভেচ্ছা জানাতে আসা অতিথিদের ভালোবাসা ও শুভকামনায় আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। কেক কাটা, নাচ-গান, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয় আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত এই জাদুশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বের জন্মদিন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত সবাই এস ইউ শিকদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেন।