কাফরুলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে কে. এম. মাহমুদুল হাসান (৪২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভাসানটেক থানায় কর্মরত ছিলেন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, কে. এম. মাহমুদুল হাসান মিরপুর-১৩ নম্বর সেকশনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। পরিবারের সদস্যরা পরে বাসায় ফিরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মিরপুরের আলোক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার (৫ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।