গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি
রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটের পাশের ফুটপাতে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন দোকানের মালামালও জব্দ করা হয়।
অভিযানে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে হবে। হকারদের জন্য নির্ধারিত ফুটপাত, নাইট মার্কেট ও হলিডে মার্কেটের ব্যবস্থা করা হবে। গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক চলাচলের উপযোগী রাখতে হবে। মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না।
ডিএসসিসি প্রশাসক আরো বলেন, এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বৈঠকও হয়েছে। এরপরও কেউ সড়ক ও ফুটপাত দখল করলে তার মালামাল জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হতে পারে।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।