আওয়ামী-বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে--ডা. শফিকুর রহমান
আওয়ামী-বাকশালীরা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল এন্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, মহানগরীর সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে। তাই তাদের বিদায়টাও মোটেই সম্মানজনক হয়নি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি। আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি বরং তাদেরকে ইতিহাসের আস্তাকূঁড়ে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিন্তু আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারো ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত সুধীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে জানতে চান, যারা অকারণে মানুষ হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কি না ? তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আমীরে জামায়াত বলেন, আওয়ামী অপশাসন-দুঃশাসনে রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করা হয়েছে। তারা ব্যাংক-বীমা সহ অর্থনৈতিক সকল প্রতিষ্ঠান ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মূলত, তারা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন। জনগণ তাদের এমন অপশাসন ও দুঃশাসনে ফিরতে চায় না। যারা অতীতে ক্ষমতায় ছিলেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমীরে জামায়াত বলেন, নিজেদের অতীতের দিকে তাকান। ভালো করলে জনগণ আপনাদেরকে আবারো বেছে নেবেন। অন্যথায় অবশ্যই প্রত্যাখ্যান করবেন। তিনি জনগণকে আস্থায় নিয়ে রাজনীতিকদের রাজনীতি করার আহবান জানান। তাহলেই জনগণকে আপনাদেরকে সাদরে গ্রহণ করবেন।