অসময়ের ভাঙন আতঙ্ক ছড়াচ্ছে যমুনাপারে
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। এতে নদীর পারে অসময়ে শুরু হয়েছে ভাঙন। গত বছর নদীর ভাঙনের পর যেটুক ভূমি ছিল, সেটুকুও এবার ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কিছু এলাকায় ভাঙন শুরুও হয়েছে। বারবার দাবি জানিয়েও বাঁধ না পাওয়ায় বছর বছর এমন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় চরম হতাশা আর আতঙ্কে এখন দিন কাটছে যমুনাপারের বাসিন্দাদের।
স্থানীয়রা জানাচ্ছেন, ভূঞাপুরের জিগাতলা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল আবাদ করেছিলেন। এ ছাড়াও রামপুর, গোপীনাথপুর, বাসুদেবকোল এলাকার চিত্রও একই।
গত বছরের মত এ বছরও উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ীসহ কয়েকটি এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন নদীপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বার বার আশ্বাস দিলেও বাঁধের কাজ শুরু হচ্ছে না।
এদিকে প্রতি বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা বাঁধের জিওব্যাগ আনলোড ড্রেজারগুলোর কারণে মাটি ধসে যাচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধপাকা সড়ক, গাইড বাঁধ, বসত-বাড়ি, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ভাঙনের হুমকির মুখে পড়ছে।
জিগাতলা গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্তরা বলছেন, এখান থেকে প্রতি বছর অবৈধভাবে বালু তোলা হতো। ওই সময় কেউ প্রতিবাদ করতে পারত না, প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো। এ প্রভাবেই এখন গোটা এলাকা ভাঙনের মুখে রয়েছে।
তারা আরও বলছেন, যমুনা নদীতে কয়েক সপ্তাহ ধরে পানি বাড়ছে। এতে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ফসলি জমির সঙ্গে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।