ফুলবাড়িয়ায় বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মর্মান্তিক মৃত্যু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আলম এশিয়া পরিবহনের এক বাসচালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৩৫)।

সোমবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গভীর রাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

ওসি আরও জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।