মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘ইক্কিস’ আসছে নতুন বছরে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

সদ্য প্রয়াত ভারতীয় কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র অভিনীত শেষ চলচ্চিত্র ‘ইক্কিস’ অবশেষে নতুন বছরের প্রথম দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রটির মুক্তির তারিখ এর আগে তিন দফা পরিবর্তন করা হয়। সবশেষ নির্ধারিত তারিখ ছিল আগামী ২৫ ডিসেম্বর। তবে তৃতীয়বারের মতো সেই তারিখও পেছানো হয়েছে।

চলচ্চিত্রটির মুক্তি সংক্রান্ত নতুন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ধর্মেন্দ্রর ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি জানান, ২৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ‘ইক্কিস’ মুক্তি পাবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি।

মুক্তির তারিখ পরিবর্তনের কারণ হিসেবে অমিতাভ বচ্চন বলেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কয়েকজন জ্যোতিষীর পরামর্শে পহেলা জানুয়ারিকেই সিনেমাটি মুক্তির জন্য শুভ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, ওই দিনই ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে।

শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপাল। বাংলাদেশের পক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। শত্রুপক্ষের ১০টি ট্যাঙ্ক ধ্বংস করার পর নিজ ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসে যুদ্ধ চালিয়ে যান অরুণ ক্ষেত্রপাল। মাত্র ২১ বছর বয়সে তিনি শহীদ হন।

চলচ্চিত্রটিতে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের নাতি অগস্ত্য নন্দা। আর অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। ‘ইক্কিস’ দিয়ে পর্দায় শেষবারের মতো দর্শকদের সামনে উপস্থিত থাকছেন এই কিংবদন্তি অভিনেতা