৪ সিনেমায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ তোরসা, সব মাধ্যমে কাজের আগ্রহ

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

নতুন বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিয়ে ব্যস্ত সময় পার করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফা নানজীবা তোরসা। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে বড় পরিসরে কাজের প্রস্তুতির জানান দিচ্ছেন তিনি। বর্তমানে গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’–এর শুটিংয়ে ব্যস্ত এই মডেল-অভিনেত্রী।

‘মাটি’ সিনেমায় তোরসার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটি পরিচালনা করছেন তারিফ সৈয়দ, যিনি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন। তোরসা জানান, ইতোমধ্যে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ এবং ‘নির্জন স্বাক্ষর’ নামের একটি চলচ্চিত্র। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত ‘রক্তছায়া’তে নারীর অবস্থান ও সংগ্রাম তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘নির্জন স্বাক্ষর’ সিনেমায় তোরসার বিপরীতে জুটি বেঁধেছেন খায়রুল বাসার। দুটি প্রকল্পের নির্মাণকাজ আগেই শেষ হয়েছে এবং বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত বলে জানান তোরসা।

আরেকটি নতুন সিনেমার কাজও ইতোমধ্যে শেষ করেছেন এই অভিনেত্রী। তবে আপাতত পরিচালকের পক্ষ থেকে বিস্তারিত জানাতে নিষেধ থাকায় সিনেমাটির বিষয়ে কিছু বলতে চাননি তোরসা। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বলে জানান তিনি।


নিজের নতুন কাজগুলো নিয়ে তোরসা বলেন, ‘ভিন্ন চারটি গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোতে আমাকে নতুনভাবে চিনবে। আমিও চেষ্টা করেছি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। বাকিটা দর্শক মুক্তির পর বলতে পারবেন কতটুকু পেরেছি।’

কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে গল্প ও টিমকে গুরুত্ব দিয়ে এই মডেল-অভিনেত্রী বলেন, ‘ভালো গল্প ও টিম থাকলে কাজের মান আরও ভালো হয়। তাই সব মাধ্যমে মানসম্মত কাজ করতে চাই।’

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন রাফা নানজীবা তোরসা। তার অভিনীত প্রথম টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’। নতুন বছরে একাধিক সিনেমা নিয়ে তোরসার এই ব্যস্ততা চলচ্চিত্রাঙ্গনে তার অবস্থান আরও শক্ত করবে বলে মনে করছেন ভক্ত-সমর্থক ও বিনোদনপ্রেমীরা।