প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই শেষে এবার টি-টোয়েন্টির মঞ্চে ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। লিটন জানিয়েছেন, ভালো ব্যাটিং উইকেটে কিউই ব্যাটারদের কম রানে আটকে রাখাই তাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ দলে রয়েছে ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার। পেস আক্রমণে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে ‘নতুন অভিষেক’ হচ্ছে রিপন মন্ডলের। স্পিনে খেলছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।


২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন রিপন মন্ডল। ভারতে ওয়ানডে বিশ্বকাপের মধ্যে চীনে গেমস চলায় সেখানে পাঠানো হয়েছিল জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা থাকায় এশিয়ান গেমসেই ‘আন্তর্জাতিক অভিষেক’ হয়ে যায় রিপনসহ কয়েকজন ক্রিকেটারের।

আজকের ম্যাচে নিউজিল্যান্ড শিবিরেও এসেছে বড় রদবদল। কিউইদের নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম গতকাল অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় আজকের একাদশে নেই। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্বের ভার পড়েছে ব্যাটসম্যান নিক কেলির ওপর।

এদিকে চট্টগ্রামের আবহওয়া নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে। গতকাল রাত ও আজ সকালে ভারী বৃষ্টিপাত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠেছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে আকাশ আবারও মেঘলা হয়ে উঠেছে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি এই মাঠেই জিতেছিল বাংলাদেশ, তাই একই ভেন্যুতে টি-টুয়েন্টি সিরিজের শুভ সূচনার লক্ষ্য নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ:

টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।