ডব্লিউইউআরআই র্যাংকিংয়ে সাফল্য, দেশে চতুর্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) গ্লোবাল র্যাংকিংস ২০২৬-এ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি। আর বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ডব্লিউইউবির অবস্থান হয়েছে ১৩৩তম।
গত ৬ থেকে ৮ মে তাইওয়ানের নানতোউতে ন্যাশনাল চি নান ইউনিভার্সিটি আয়োজিত ‘হ্যানসিয়াটিক লীগ অব ইউনিভার্সিটিজ (এইচএলইউ)-এর ষষ্ঠ বার্ষিক সম্মেলন ও ডব্লিউইউআরআই ২০২৬ পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে ডব্লিউইউআরআই-এর প্রেসিডেন্ট কিউং-সুং কিম এ ঘোষণা দেন।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডব্লিউইউবি বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে পেছনে ফেলে উদ্ভাবন ও ব্যবহারিক শিক্ষায় দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে ডব্লিউইউবির অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডব্লিউইউআরআই র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিল্পখাত ও সমাজে বাস্তব অবদান মূল্যায়ন করা হয়। এতে শিক্ষা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতায় উদ্ভাবনী কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়। ডব্লিউইউআরআই র্যাংকিং ২০২৬-এ বিশ্বের ৯৬টি দেশের মোট ১ হাজার ৯২৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় স্থান করে নেয়।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। এ ছাড়া তৃতীয় স্থানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), চতুর্থ স্থানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পঞ্চম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকার ষষ্ঠ অবস্থানে উত্তরা ইউনিভার্সিটি এবং সপ্তম স্থানে রয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি।
উল্লেখ্য, ডব্লিউইউআরআই র্যাংকিংটি প্রকাশ করা হয় মূলত হ্যানসিয়াটিক লিগ অব ইউনিভার্সিটিজের পক্ষ থেকে। নেদারল্যান্ডসের হ্যানজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর উদ্যোক্তা। বিশ্বের ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এন্ট্রাপ্রেনিউরাল স্পিরিট, ইথিকাল ভ্যালু, স্টুডেন্ট মোবিলিটি অ্যান্ড ওপেননেস ও ইথিক্যাল ভ্যালু— এই ৫ বিষয়ে সেরা ৫০ এর তালিকা প্রকাশ করে তারা।