সবার অর্থনৈতিক সুফল নিশ্চিত করা এই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬

সকলের কাছে যেন অর্থনীতির সুফল যায়—সেই লক্ষ্য মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দবি, সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী বলেন, “অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে, একটা সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে এবং সবাইকে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে।”


দীর্ঘ ১৯ বছর পর বিএনপি জাতীয় বাজেট দিতে যাচ্ছে। আজ বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা

বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এবারের বাজেটের মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণ— সবকিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে।”

বিগত কয়েকটি বাজেটের তুলনায় এবারের বাজেটের প্রেক্ষাপটটা ভিন্ন জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘বহুদিন পরে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে। তাই এবারের বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। জাতির প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সেই আকাঙ্ক্ষা, ভাবনা-চিন্তা-দর্শন আগামী দিনে জনগনের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি।”