কারাগার থেকে পালানো সেই নারীবন্দি গ্রেপ্তার
কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনব কায়দায় দেয়াল টপকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত নারীবন্দি মোছা. রিম্পাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাত্র তিন মাসের সাজাপ্রাপ্ত এই বন্দি গত ১৬ জুলাই ইট বহনের কাজ করার সময় নিরাপত্তার ফাঁক গলে কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে এই চাঞ্চল্যকর পলায়নের দৃশ্য ধরা পড়ার পর দায়িত্বরত তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে বুজে নিতে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা পুলিশ প্রক্রিয়া শুরু করেছে।
১৬ জুলাই সন্ধ্যায় প্রায় ৪০জন নারীবন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলাকালে তদারকির ঘাটতির সুযোগে রিম্পা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, র্যাব-২ থেকে আমাদেরকে জানিয়েছে পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে, আসামিকে নিয়ে যান। পরে আসামিকে আনতে যান পুলিশ৷ মোহাম্মদপুর হতে তাকে গ্রেপ্তার করেছে৷ তবে ঠিক কখন গ্রেপ্তার করেছে সেটি আমাদের জানায়নি।