বাংলাদেশ যাদুকর পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ‘প্রিমিয়াম ম্যাজিক শো-২০২৬’ অনুষ্ঠিত

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫৫ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৬


নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ী শিকদার প্লাজায় বাংলাদেশ যাদুকর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও জমকালো ‘প্রিমিয়াম ম্যাজিক শো-২০২৬’। দেশের খ্যাতনামা জাদুশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই আয়োজনকে উপস্থিত দর্শক, অতিথি ও জাদুশিল্পীরা এ পর্যন্ত অনুষ্ঠিত সেরা ও সবচেয়ে আকর্ষণীয় ম্যাজিক শোগুলোর একটি হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত জাদুশিল্পী মো. ছফির উল্লাহ শিকদার। এ সময় বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সায়মন, বর্তমান সাধারণ সম্পাদক এসকে ফাতেমা স্বপ্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাদুশিল্পী শিপুরাজ এবং প্রিমিয়াম ম্যাজিক শোতে অংশগ্রহণকারী জনপ্রিয় জাদুশিল্পীরা।

সভাপতির বক্তব্যে মো. ছফির উল্লাহ শিকদার বলেন,

“জাদু কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সৃজনশীল ও নান্দনিক শিল্প। বাংলাদেশ যাদুকর পরিষদ দীর্ঘদিন ধরে দেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। ‘প্রিমিয়াম ম্যাজিক শো-২০২৬’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। আমরা চাই নতুন প্রজন্ম এই শিল্পচর্চায় এগিয়ে আসুক এবং বাংলাদেশের জাদুশিল্প বিশ্বমঞ্চে আরও সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হোক। ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের ম্যাজিক শোর আয়োজন করা হবে।”

বক্তারা জাদুশিল্পের বিকাশ, নতুন শিল্পী তৈরির প্রয়োজনীয়তা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ম্যাজিক পরিবেশনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশে জাদুশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই শিল্পকে আরও জনপ্রিয় করে তুলতে নিয়মিত মানসম্মত আয়োজনের বিকল্প নেই।

এরপর একে একে দেশের জনপ্রিয় জাদুশিল্পীরা মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন ম্যাজিক পরিবেশন করেন। চমকপ্রদ সব পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী জাদুশিল্পী ও সম্মানিত অতিথিদের নিয়ে ফটোসেশন, নৈশভোজ এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডার আয়োজন করা হয়। গভীর রাত পর্যন্ত আনন্দঘন পরিবেশে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের জাদুশিল্পকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জাদুশিল্পের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।