মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩০ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬

বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ উন্নয়নে বিনিয়োগ সহজীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।


প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, “সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।”

সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সই করেন।

এ সময় যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পাশাপাশি এসব খাতে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে দুই পক্ষ।

এ ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের যোগাযোগ ও সমন্বয়ে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ।