হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর নিয়ে বিভ্রান্তিকর শিরোনামের অভিযোগ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬


রয়টার্সের প্রতিবেদনের তথ্য আংশিকভাবে প্রকাশের অভিযোগ, সরকারের বক্তব্য উপেক্ষার দাবি

শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শিরোনামকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তাঁর অভিযোগ, রয়টার্সের মূল প্রতিবেদনে তথ্যের যে উৎস ও বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে, দেশীয় গণমাধ্যমের অনেক শিরোনামে তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে উপ-প্রেস সচিব বলেন, দেশীয় গণমাধ্যমের বেশ কয়েকটি শিরোনাম দেখে মনে হতে পারে, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে জানিয়েছেন যে তিনি ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। অথচ রয়টার্সের মূল প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, এ তথ্য দিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। প্রতিবেদনের প্রথম বাক্যেই ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ উল্লেখ করা হয়েছে।

তাঁর দাবি, শিরোনামে মুখপাত্রের বক্তব্যের বিষয়টি উল্লেখ না করায় তথ্যের প্রকৃত উৎস আড়ালে থেকে গেছে। ফলে পাঠকের কাছে মুখপাত্রের বক্তব্য শেখ হাসিনার সরাসরি ঘোষণা বলে মনে হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সুজাউদ্দৌলা আরও উল্লেখ করেন, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ৫৬ মিনিটে প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়। ওই প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষের বক্তব্যের পাশাপাশি বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে পারবেন। কিন্তু দেশীয় গণমাধ্যমের অনেক শিরোনামে শুধু বাংলাদেশ বিমানে করে দেশে ফেরার ইচ্ছার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারের পক্ষ থেকে ওই অনুরোধকে ‘ডিলিউশনাল’ বা অলীক বলে প্রত্যাখ্যান করার বিষয়টি অনেক শিরোনামে অনুপস্থিত।

ফেসবুক পোস্টে রয়টার্সের প্রতিবেদনে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। তাঁর ভাষ্য অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব এবং সে ক্ষেত্রে তাঁকে হাতকড়া পরা অবস্থায় কঠোর নজরদারিতে ফিরতে হবে।

এ ছাড়া বাংলাদেশ এ ধরনের কোনো অলীক অনুরোধ গ্রহণ করবে না বলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়েছে। তিনি বলেছেন, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা প্রত্যাশা করতে পারেন না। অন্যদিকে, রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গত এপ্রিল মাসে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিল ভারত।

পোস্টের শেষাংশে সুজাউদ্দৌলা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনে জাল স্বাক্ষর ব্যবহারের অভিযোগের প্রসঙ্গ টেনে বর্তমান ঘটনাকে একই ধরনের তৎপরতার সঙ্গে তুলনা করেন। ভারতীয় সাংবাদিকের লেখা প্রতিবেদনটিকেও তিনি ‘স্ট্যান্ডবাজিমূলক’ বলে আখ্যায়িত করেন।

উপ-প্রেস সচিবের বক্তব্যের মূল বিষয় হলো, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্য প্রকাশের ক্ষেত্রে শুধু একটি পক্ষের বক্তব্যকে শিরোনামে প্রাধান্য না দিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থান ও তথ্যের প্রকৃত উৎস পাঠকের সামনে তুলে ধরা প্রয়োজন।