আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যকে পিবিআইতে হস্তান্তর

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই সদস্যকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মামলার আসামি এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মামলার তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে হস্তান্তর করা হয়। 


রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দিক সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।