কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার ভোর রাতে আক্কেলপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হওয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার খাদিজা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাত্রী ও স্টেশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন থেকে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার যাত্রা করার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাওয়ার কারের দায়িত্বে থাকা কর্মীদের ঘটনাটি জানানো হয় এবং পৌনে ৪টার দিকে ভদ্রকালী এলাকায় ট্রেনটি লাইনচ্যুত অবস্থায় থামে। পরে পাঁচটি বগি নিয়ে ট্রেনটি সামনের স্টেশনে স্থানান্তরিত করা হয়। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্থগিত রয়েছে।

খাদিজা খাতুন বলেন, ঢাকা থেকে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে অবস্থান করছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাইনচ্যুত ট্রেন উদ্ধারের কাজ চলছে।