জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

Joynal
Joynal Joynal
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬

ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই জেলার তারাকান্দা থানার একটি হত্যা মামলার ৩ আসামি মুক্তি পেয়েছেন। এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম। এ ছাড়া ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।


এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভুল তথ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ৩ আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটে। এই তিন আসামি হলেন— তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


তিনি আরও বলেন, ‘হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না।’

এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে জানিয়ে তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘তদন্তে আরও কারো বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’