জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।
আজ বুধবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বিশ্বব্যাপী অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা, প্রশিক্ষণ এবং সচেতনতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে সবসময় আধুনিক ও আপডেট রাখতে হবে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি সেবামূলক পেশায় যুক্ত হচ্ছ। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করেই দায়িত্ব পালন করতে হবে।'
তিনি আশা প্রকাশ করে বলেন, নবীন কর্মকর্তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন।
অনুষ্ঠানে আইজিপি শিক্ষানবিশদের অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সাব-ইন্সপেক্টরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের প্যারেডে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যার মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন।