মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। পরে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

গত ১ অক্টোবর ক্ষমতাসীন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।