জানুয়ারি মাসের মধ্যেই (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি--ইসলামী ছাত্রশিবির ঢাবি
চলতি জানুয়ারি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা। তারা বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসু নির্বাচনের জন্য অতিরিক্ত সময় চায়, সে জন্য যৌক্তিক কারণ দর্শাতে হবে। একই সঙ্গে ডাকসুতে উপাচার্যের ক্ষমতা হ্রাস, নতুন দুই পদ সৃষ্টি, পুরোনো একাধিক পদ একীভূতকরণসহ সংগঠনের গঠনতন্ত্র সংস্কারে ৯ দফা প্রস্তাবনাও দিয়েছে শিবির। সোমবার ক্যাম্পাসের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবির নেতারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। প্রস্তাবনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী উপাচার্য পদাধিকারবলে ডাকসুর সভাপতি মনোনীত হন। তাঁর তত্ত্বাবধানে সব সভা, নির্বাহী কমিটি, অন্যান্য কমিটি ও উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। তিনি সংসদ পরিচালনা, জরুরি অবস্থা, অচলাবস্থা বা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। যে কোনো সময় যে কোনো কমিটির সদস্যকে বহিষ্কার বা সম্পূর্ণ কমিটি বাতিল বা নতুন নির্বাচন আহ্বানসহ একাধিক ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে। সভাপতির এসব ক্ষমতা হ্রাস করে পদটিকে কেবল আলঙ্করিক করার প্রস্তাব করেছে সংগঠনটি। যেখানে সভাপতির কোনো ধরনের নির্বাহী ক্ষমতা থাকবে না।