৬ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে লালন
ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে লালন। আগামী ১৭ অক্টোবর ফকির লালন শাহের ২৫০তম জন্মবার্ষিকী ও ১৩৪তম তিরোধান দিবসে প্রকাশ হতে যাচ্ছে এটি। এর নাম রাখা হয়েছে ‘বাউলস অব বেঙ্গল’। এতে থাকছে সাতটি গান।
‘বাউলস অব বেঙ্গল’ নামেই বোঝা যাচ্ছে দেশের বিভিন্ন সাধকের গান নিয়ে সাজানো হয়েছে এটি। এর মধ্যে লালনের চারটি, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত ও বিজয় সরকারের একটি করে গান রয়েছে। এগুলো গেয়েছেন ব্যান্ডটির ভোকাল নিগার সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন ব্যান্ডের দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি।
ইউটিউবে লালন ব্যান্ডের চ্যানেলে নতুন অ্যালবাম থেকে লালনের ‘একটা বদ হাওয়া’ গানটি এসেছে গত ১১ অক্টোবর। চলতি মাসেই বাকি সব গান আসবে এখানেই।