শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ট্রাম্পের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পাশাপাশি দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ সময় বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও আগ্রহের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
চিঠির শেষাংশে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে—এমন প্রত্যাশার ইঙ্গিতও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রকাশের মধ্য দিয়ে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হওয়ার বার্তাই উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।