সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, খতিয়ে দেখা প্রয়োজন: রিজভী
রিপোর্ট : তাজউদ্দীন আহমদ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু দুর্ঘটনা, নাকি এর পেছনে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল, সেটি খুঁজে বের করতে হবে।”
তিনি বলেন, এম সাইফুর রহমানের নানা অবদান রয়েছে, যার স্বীকৃতি দেশে ও আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে। তিনি বলেন, তার পরবর্তী সময়ে আর কোনো অর্থমন্ত্রী তাকে ছাড়িয়ে যেতে পারেননি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, “দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতি অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”
রিজভী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে তার ভূমিকা আন্তর্জাতিক পর্যায়েও সম্মানিত হয়েছে।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাবেক মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত এই অর্থমন্ত্রীর রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করেন।