উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় প্রায় আধা ঘণ্টা রানওয়ে বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-৪৩৬-এর ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই এর একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করতে পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

উড়োজাহাজটির জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল।

এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।