সাংবাদিক আমির খসরুর মৃত্যু, প্রেস ক্লাবে জানাজা রোববার
ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের সাবেক কূটনৈতিক প্রতিবেদক আমির খসরু মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন প্রয়াত আমির খসরু। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
আমির খসরুর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আমির খসরু। কর্মজীবনে তিনি সংবাদ, দৈনিক খবর ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ‘আজকের বুধবার’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি।
আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহের জানাজা আজ রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে ২০২২ সালের ১৬ মে পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবন থেকে আমির খসরুর মা সেতারা হালিমের (৭৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইতলা ওই বাড়িটির দ্বিতীয় তলায় তিনি একা থাকতেন। পরিবারের অভিযোগ ছিল, দুর্বৃত্তরা আগের রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের মালামাল লুট করেছে।