ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি এ কার্যক্রমে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জুমার নামাজের খুতবায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।