তাহসিফ হত্যা: দিশার ফের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার (১৯) আরও সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। চার দিনের রিমান্ড শেষে বুধবার (৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

এর আগে গত ১ নভেম্বর দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলো গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, রিমান্ডে দিশাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে গত ২৭ অক্টোবর তাহসিফের সঙ্গে উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান তিনি। ওই দিন সন্ধ্যায় তাঁরা একাধিকবার সিপিতে গিয়ে স্ন্যাক্স খান। তাঁরা একসঙ্গে মোটরসাইকেল গ্যারেজে গিয়েছিলেন এবং মোটরসাইকেলে ঘোরাঘুরিও করেছেন।

পুলিশের দাবি, দিশা কৌশলে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরব থেকেছেন। রিমান্ডে থাকা আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে দিশার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

তাহসিফের সঙ্গে দিশার কোনো বাকবিতণ্ডা বা কথা-কাটাকাটি হয়েছিল কি না, তা যাচাই এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তার এবং দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতেও তার রিমান্ড চাওয়া হয়েছে।