যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা ইরানের
মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবার আরও ঘনীভূত হলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার কূটনৈতিক সমঝোতার পথ প্রত্যাখ্যান করে এবার সরাসরি দীর্ঘমেয়াদী সংঘাতের ঘোষণা দিল ইরান।
দেশটির সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি সোমবার এক বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে।
ইরানের মতে, এই সংঘাতের অবসান কেবল তখনই সম্ভব, যখন বিশ্বব্যাপী ভয়াবহ জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দা আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপে বাধ্য করবে। বিশ্ব রাজনীতির এই টানাপড়েন এখন পুরো পৃথিবীকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
তিনি জানান, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ফলে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করছে। কামাল খারাজি মনে করেন, অর্থনৈতিক চাপ যখন অসহনীয় পর্যায়ে পৌঁছাবে, তখনই বিশ্ব সম্প্রদায় এবং উপসাগরীয় দেশগুলো মার্কিন আগ্রাসন বন্ধে বাধ্য হয়ে হস্তক্ষেপ করবে।