এক দিনের ব্যবধানে পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১:২১ পূর্বাহ্ন, ২৮ জুন ২০২৬

মাত্র এক দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। আজ শনিবার (২৭ জুন) সকাল ৮টা ৩৬ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে। আর এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশেই।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তীব্র এই কম্পনে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝাঁকুনি তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দ্রুত ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

এর আগে গতকাল শুক্রবার সড়কালেও পাকিস্তানের এই বেলুচিস্তান প্রদেশেই ৫ দশমিক ১ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। যার কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। কোহলু ছাড়াও ঝোব, বারখান ও রাখনি এলাকায় গতকালের সেই কম্পন অনুভূত হয়েছিল।

ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। বিশেষজ্ঞরা জানান, পাকিস্তান মূলত তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়) ওপর অবস্থিত। এই প্লেটগুলোর সংযোগস্থলে একাধিক ফল্ট লাইন থাকায় ঘন ঘন টেকটোনিক নড়াচড়া ঘটে, যার ফলে এই অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গত সোমবারও দেশটির খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও রাজধানী ইসলামাবাদের কিছু অংশ ৫.৪ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল। তবে সেটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে