বিচারকের ছেলেকে হত্যা: আসামির বক্তব্য প্রকাশে ৪ পুলিশ বরখাস্ত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ২৫ মে ২০২৬

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এর আগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন আদালত।

শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, আসামি লিমন মিয়ার পাহারায় নিযুক্ত একজন এসআই ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আরও কারও দায়িত্বে অবহেলা বা জড়িত থাকার প্রমান মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

যে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা হলেন— রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত এবং কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।


এর আগে বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে সুমন ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি জখম হন। এ সময় ধস্তাধস্তি হলে আসামি লিমন মিয়াও আহত হন।

ঘটনাস্থলে থেকেই আটক করা হয় অভিযুক্ত লিমনকে। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়।

ছেলে হত্যা ও স্ত্রী জখমের ঘটনায় শুক্রবার বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে শনিবার আসামি লিমনকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম আমলি আদালতের বিচারক মো. মামুনুর রশিদ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।