শাকিবের দুই প্রাক্তনের সঙ্গে সজলের রোমান্স

Tajuddin Ahmed | প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা শাকিব খানের সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। মাতৃত্বের সঙ্গে সঙ্গে দুজনেই এখন প্রাক্তন। ভেঙেছে শাকিব-অপু-বুবলী রসায়নও! তাই বলে থেমে নেই এই দুই প্রাক্তনের পর্দায় রোমান্স। তারা দুজনেই চুটিয়ে কাজ করছেন। এরমধ্যে বুবলী চরিত্র ভিন্নতা অনুযায়ী কাজ করে দর্শক সমাদৃত হয়েছেন। আপন আলোয় ইতিমধ্যে দেশের শীর্ষ চিত্রনায়িকার তকমাও নিজের করে নিয়েছেন। অপরদিকে মুটিয়ে যাওয়া শরীর নিয়ে অপু বিশ্বাস মাঝে বি, সি গ্রেডের সিনেমায় অভিনয় করে সমালোচিত হয়েছেন। তবে পেশাদার অপু খুব দ্রুত নিজেকে ফিরে পেতে নিয়মিত জিম শুরু করলে ফিটনেস লড়াইয়ে পচিশের রূপে ফিরেন। পেশাদার নায়িকাশূণ্য জায়গাটি এখন এই দুই সতীনের মধ্যে খুঁজে পাওয়ায় নির্মাতারা ঝুঁকছেন। নায়করাও জুটি হিসেবে শাকিবের দুই প্রাক্তনে আস্থা রাখছেন। তাদের একজন গুণী অভিনেতা আব্দুন নূর সজল। 

জানা গেছে, রাশেদা আক্তার লাজুকেবর পরিচালনায় ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন আব্দুন নূর সজল। ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এরপর চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে অভিনেতার নতুন সিনেমা ‘দুর্বার’-এর কাজ, যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে থাকছেন অপু বিশ্বাস।

পরিচালক ও শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, ‘তিনি অসম্ভব যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। শেরপুরের বর্ডার এলাকার একটি গ্রামে শুটিং করেছি। সম্প্রতি শেষ লটের শুটিং শেষ করেছি। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই কাজ করেছি।’

বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, ‘বুবলী ভীষণ সিনসিয়ার। মনেই হয়নি যে আমরা প্রথমবার একসঙ্গে সিনেমা করছি। বোঝাপড়াটা খুব ভালো ছিল। কাজের প্রতি সে অনেক দায়িত্বশীল।’

অন্যদিকে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে কাজ করতে যাচ্ছেন সজল। ‘দুর্বার’ সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ।

সজল বলেন, ‘দুর্বার একটি থ্রিলার সিনেমা। এতে অনেক চমক আছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

অপু বিশ্বাস সম্পর্কে সজলের মন্তব্য, ‘অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন, তার অভিজ্ঞতা অনেক। চুক্তির পর আমরা রিহার্সাল করেছি। তিনি ভীষণ আন্তরিক। সংলাপ ডেলিভারি খুব ভালো বোঝেন। খুব সহযোগিতা-পরায়ণ, আর তার জানার জায়গাটা অনেক বড়।’

তিনি আরো জানান, অপু বিশ্বাসের সঙ্গে ‘দুর্বার’-এর শুটিং দিয়েই তার বছরের কাজ শেষ হবে। পাশাপাশি আরো তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সজলের ভাষায়, ‘আশা করছি, ২০২৬ সাল হবে সিনেমার বছর। তাড়াহুড়া নেই। যে চরিত্রে ভিন্নতা আছে, গল্পে নতুনত্ব আছে সেসব কাজই করতে চাই। দিন শেষে ভালো কাজ নিয়ে থাকতে চাই।’
পরবর্তী খবর

‘অমর সঙ্গী’ সিনেমার পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ

| প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
আশির দশকে কলকাতার বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম কারিগর এবং ‘অমরসঙ্গী’ সিনেমার ব্লকবাস্টার গান ‘চিরদিনই তুমি যে আমার’-এর রূপকার, প্রখ্যাত পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত প্রায় ১৫ দিন ধরে কলকাতার যাদবপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৭৬ বছর বয়সী এই কিংবদন্তি পরিচালক ইস্কেমিক স্ট্রোকে (মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা) আক্রান্ত হয়েছেন। বয়সের কারণে আগে থেকেই তাঁর হালকা আলঝেইমার বা স্মৃতিভ্রংশের সমস্যা ছিল, যা এই স্ট্রোকের পর আরও প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন যে, তিনি নিজের বাড়ি চিনতে পারছেন না এবং কেবল হাতেগোনা কয়েকজন প্রিয়জনকেই চিনতে পারছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন এবং ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

ঘনিষ্টরা জানিয়েছেন, ‘অমরসঙ্গী’, ‘অমর প্রেম’, ‘মনে মানে না’, ‘দাদামণি’-এর মতো বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সুজিত গুহ। কিন্তু বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমা পরিচালনা করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। ঘনিষ্ঠ মহলের মতে, ছবি বানাতে না পারার এই দীর্ঘ আক্ষেপ ও মানসিক চাপ তাঁকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল, যা হয়তো তাঁর এই শারীরিক অবনতির অন্যতম কারণ।

সম্প্রতি নতুন করে সিনেমা পরিচালনার স্বপ্ন বুনছিলেন তিনি, কিন্তু হঠাৎ এই অসুস্থতা সেই স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। 
পরবর্তী খবর

এবার ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টে জয়া আহসান

| প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬
হাতির ওপর নির্যাতন বন্ধে রিটের পর সম্প্রতি ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টের দারস্থ হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না এবং এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ কেন নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একইসঙ্গে ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ন্ত্রণে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুন) জয়া আহসানের রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট।

গত ১১ মে রিটটি দায়ের করেছিলেন জয়া আহসান। রিটে অসুস্থ প্রাণী মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার অভিযোগে উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।পূর্ববর্তী অনুরোধের পরও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় পিটিশনকারীরা আদালতের শরণাপন্ন হয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। 

আবেদনে মন্ত্রণালয়ে পাঠানো পূর্ববর্তী অভিযোগগুলোর নিষ্পত্তি, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়। 

পিটিশনকারীরা আরও অনুরোধ করেছেন, এ ধরনের কার্যক্রম বন্ধে ৬০ দিনের মধ্যে জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, বাজেয়াপ্ত ও অসুস্থ ঘোড়ার নিলাম অবিলম্বে বন্ধ এবং উদ্ধারকৃত প্রাণীর পরিচর্যা ও পুনর্বাসনের জন্য যথাযথ সুবিধা বা অভয়ারণ্য—বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্থাপনের নির্দেশনা দেওয়া হোক। 

পিটিশনকারীদের ভাষ্য, তাৎক্ষণিক বিচারিক হস্তক্ষেপ ছাড়া এই অবৈধ কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে থাকতে পারে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা অব্যাহত থাকতে পারে। 

এর আগে, বন্দি হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‌্যালিতে বিজ্ঞাপনের মতো বা বিনোদন কাজে হাতি ব্যবহার করা এবং এই ব্যবহারের জন্য হাতিকে বাধ্য করতে নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ বন্ধ করতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিএডব্লিউ)।
পরবর্তী খবর

বিতর্কের মুখে চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধন, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

| প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নানান বিতর্ক ও সমালোচনার মুখে এই সংশোধন এনেছে মন্ত্রণালয়। সংশোধিত তালিকা অনুযায়ী আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে এ পরিবর্তন আনা হয়েছে।

এর আগে, গত ২৯ জানুয়ারি ঘোষণা করা হয় ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতে আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক-পরিচালক আবদুল লতিফ বাচ্চু এবং সেরা চিত্রনাট্যকার হিসেবে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার ঘোষণার পর আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে বিতর্ক ওঠে।


জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ থাকলেও প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুজনই প্রয়াত হওয়ায় বিতর্ক তৈরি হয়। এছাড়া সেরা চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তার নামে অভিযোগ ওঠে তিনি ‘রক্তজবা’সিনেমার চিত্রনাট্য রচনা করেননি।

এসব বিতর্কের জেরে পর্যালোচনা শেষে সংশোধিত প্রজ্ঞাপনে দুই বিভাগে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী এবার আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। অন্যদিকে সেরা চিত্রনাট্যকার বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

পরবর্তী খবর

‘লোকে বলে’ দিয়ে ঈদ জমিয়ে তুললেন ফারিয়া

| প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৬

দীর্ঘ বিরতির পর আবারও গানে ফিরলেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ও সংগীতশিল্পী নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার নতুন ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’। গানটির মাধ্যমে ঈদুল আজহার উদযাপনের ভাইব ছড়িয়ে দিল এই নায়িকা। 

গানটির সবচেয়ে বড় চমক, এই প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির–এর সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং মিক্স-মাস্টার করেছেন অভিষেক ঘটক।

মিউজিক ভিডিওতেও দেখা গেছে ভিন্ন এক ফারিয়াকে। ভিডিওর শুরুতেই ফুয়াদ আল মুক্তাদিরের স্টাইলিশ উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এরপর চিরচেনা গ্ল্যামার আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে হাজির হন নুসরাত ফারিয়া। পুরো গানজুড়ে তাকে দেখা গেছে একাধিক আকর্ষণীয় লুকে। গানটির ভিডিওতে ফারিয়া কখনও রেড কার্পেট স্টাইলে ওয়ান-শোল্ডার পোশাকে, আবার কখনও উৎসবের আবহে লেহেঙ্গায় প্রাণবন্ত নাচে।

গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া লিখেছেন, “ঈদ মুবারক”। জমকালো এই মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনা দিয়েছেন ভারতের জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। মঙ্গলবার (২৭ মে) গানটি প্রকাশ পেয়েছে  এসভিএফ–এর ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, অভিনয়ের ব্যস্ততার মাঝেই ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে যাত্রা শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তার কণ্ঠ ও পারফরম্যান্সে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’, ‘হাবিবি’ এবং ‘বুঝি না তো তাই’-এর মতো জনপ্রিয় গান। প্রতিটি গানই ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গান ‘লোকে বলে’ দিয়েও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই আশা করছেন ভক্তরা।

পরবর্তী খবর

নাচতে নাচতে কারিশমার গায়ে হুমড়ি জুনিয়র ডান্সারের!

| প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২১ মে ২০২৬
নাচতে নাচতে আচমকাই করিশ্মা কাপুরের গায়ে হুমড়ি খেয়ে পড়েন এক জুনিয়র ডান্সার। তারপরই তুলকালাম কাণ্ড সেটে। পরবর্তীতে কী ঘটিয়েছিলেন নায়িকা? অতীতের স্মৃতি হাতড়ে সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন রুবিনা খান। 

সম্প্রতি নৃত্যশিল্পী রুবিনা খান বলিউডের দাপুটে কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খান এবং অভিনেত্রী করিশ্মা কাপুরের মধ্যে ঘটা এক ঘটনার স্মৃতি হাতড়ালেন। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন একটি শুট চলাকালীন তাঁদের মধ্যে কী নিয়ে সমস্যা তৈরি হয়। 

তাঁর কথা অনুয়ায়ী, গোটা ঘটনাটি ঘটেছিল একটি নাচের শুটের সময়। নাচতে নাচতে আচমকাই এক জুনিয়র নৃত্যশিল্পী করিশ্মা কাপুরের গায়ে পড়ে যান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী। তিনি সেই ছেলেটির উপর চেঁচাতে শুরু করেন। সেটে সকলের সামনে তাঁকে যারপরনাই অপমান করেন। গোটা বিষয়ে সরোজ খান মধ্যস্থতা করার চেষ্টা করেন। করিশ্মা কাপুরকে থামানোর চেষ্টা করেন তিনি। অনুরোধ করেন তিনি যেন ডান্সারতীর সঙ্গে দুর্ব্যবহার না করেন। কিন্তু সেই কথায় কাজ হয়নি। বরং পরিস্থিতি আরও বিগড়ে যায়। 

করিশ্মা কাপুর জানিয়ে দেন তিনি আর সেই প্রজেক্টে কাজ করবেন না। এরপর থেকে সরোজ খান এবং করিশ্মা কাপুর কখনই আর একসঙ্গে কাজ করেননি। যদিও জীবিত থাকাকালীন সরোজ খান কখনই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। অন্যদিকে ২০২০ সালে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফারের মৃত্যুর পর করিশ্মা কাপুর শোকপ্রকাশ করেছিলেন। ভারতীয় ছবি এবং নাচের জগতে তাঁর অবদান প্রসঙ্গে কথা বলেন। 

প্রসঙ্গত, করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে তিনি একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সাম্প্রতিক সময়ে। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব তাঁর দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করেন না, সহ একাধিক অভিযোগ এনেছিলেন করিশ্মা কাপুর এবং তাঁর দুই সন্তান। প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ সঞ্জয়ের মায়েরও। 
পরবর্তী খবর

শিল্পকলায় ‘রবির চিত্র, চিত্রের রবী’ প্রদর্শনী

| প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ উদ্বোধন করা হয়েছে ১৪ দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’।

প্রদর্শনীতে মোট ৯৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ৪৫টি চিত্রকর্মের অনুলিপি এবং বাকি ৫০টি চিত্রকর্ম দেশের স্বনামধন্য চারুশিল্পীদের রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা বিভিন্ন ব্যাখ্যামূলক কাজ। এই শিল্পীদের মধ্যে রয়েছেন বিভিন্ন সময়ের প্রতিষ্ঠিত ও সমকালীন চিত্রশিল্পীরা, যারা কবিগুরুর জীবন, দর্শন ও শিল্পভাবনাকে নিজেদের ক্যানভাসে তুলে ধরেছেন।

প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল এবং সহকারী কিউরেটর আয়েশা নাজমীন। কিউরেটররা জানিয়েছেন, রবীন্দ্রনাথের চিত্রশিল্প ও তাঁর ভাবনার ভিন্ন মাত্রাকে একসাথে দর্শকের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রদর্শনীটি চলবে আগামী ২৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী এই আয়োজনের বিভিন্ন পর্বে ছিল রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীরা এতে অংশ নেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে কেন্দ্র করে পরিবেশনা উপস্থাপন করেন।
পরবর্তী খবর

১৬ মে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন

| প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ১১ মে ২০২৬
দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করতে আগামী ১৬ মে (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এদিন সকাল ১০টা থেকে এই সম্মেলন শুরু হবে। 

দিনব্যাপী এই আয়োজনে সারা দেশের শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও স্বাধীন চলচ্চিত্রকর্মীরা অংশ নেবেন। সম্মেলনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজনের উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ও বিশেষ আলোচনা সভা। এদিন অস্কারের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ এবং আকরাম খানের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হবে। এছাড়া ‘ঢাকার বাইরের চলচ্চিত্র সংসদ’ এবং ‘বিশ্ববিদ্যালয় ভিত্তিক চলচ্চিত্র সংসদ’—এই দুই বিষয়ের ওপর পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রান্তিক পর্যায়ের সংগঠকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

চলচ্চিত্র আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ‘বিএফএফএস পদক ২০২৫ (বর্ষসেরা সংগঠন)’ এবং ‘চলচ্চিত্র সংসদ সম্মাননা ২০২৬ (বিএফএফএস আজীবন সম্মাননা)’। সম্মেলন উপলক্ষে একটি বিশেষ স্মরণিকাও প্রকাশ করবে আয়োজক সংস্থাটি।

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন হিসেবে কাজ করছে। সুস্থ চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তোলা, দর্শক তৈরি ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অস্কারের জন্য দেশীয় চলচ্চিত্র মনোনয়ন প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে আসছে এই সংগঠনটি। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সম্মেলন দেশের চলচ্চিত্র ইকোসিস্টেম উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেবে।
পরবর্তী খবর

লাইফ সাপোর্টে ফুটবলার কায়সার কন্যা কারিনা

| প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ১১ মে ২০২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ-এর মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। 

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। 

শনিবার (৯ মে) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-তে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে। 

ডানা লিখেছেন, ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ডানা আরও উল্লেখ করেন, কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। 

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।

চিকিৎসার ব্যয়ভার বা অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে পরবর্তীতে তা জানানো হবে উল্লেখ করে ডানা আরও বলেন, এই মুহূর্তে তাদের একমাত্র চাওয়া সবার আন্তরিক প্রার্থনা। 

কারিনা কায়সার শোবিজ অঙ্গনেও কাজ করেছেন। বিশেষ করে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি-এর সঙ্গে তিনি চলচ্চিত্র “৩৬-২৪-৩৬”-এ অভিনয়ের মাধ্যমে পর্দায় উপস্থিতি জানান দেন। এরপর থেকে তিনি মূলত অনলাইন কনটেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মেই বেশি সক্রিয় ছিলেন।
পরবর্তী খবর

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

| প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ০৮ মে ২০২৬

আজ ২৫ বৈশাখ। বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী।

সময়ের হিসাবে ১৬৫ বছর পেরিয়ে গেলেও কবিগুরু আজও বাঙালির মনন, সংস্কৃতি ও জীবনবোধে সমানভাবে জীবন্ত। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, ইংরেজি ৭ মে ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা ভাষা ও সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র।

দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদাসুন্দরী দেবীর সন্তান রবীন্দ্রনাথ শৈশবেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন। মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করা সেই শিশুই পরবর্তীতে বাংলা সাহিত্যের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।

রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, শিক্ষাচিন্তক, ভাষাবিদ, চিত্রশিল্পী, দার্শনিক ও মানবতাবাদী। তার সৃষ্টিকর্মের পরিধি যেমন বিস্তৃত, তেমনি গভীরতাও অসাধারণ। তিনি রচনা করেছেন ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধগ্রন্থ, অসংখ্য ছোটগল্প, চিঠিপত্র এবং ২ হাজারের বেশি গান। বাংলা সাহিত্যে এমন বহুমাত্রিক প্রতিভার উদাহরণ খুবই বিরল।

তার সাহিত্যকর্মে মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ, নিঃসঙ্গতা, প্রতিবাদ এবং মুক্তির আকাঙ্ক্ষাসহ মানবজীবনের নানা অনুভূতি গভীরভাবে উঠে এসেছে।

বাংলাদেশের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আত্মীয়তার চেয়েও গভীরতর। তার পূর্বপুরুষরা খুলনার রূপসা উপজেলার পিঠাভোগে বসবাস করতেন। জমিদারি তদারকির কাজে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরসহ বাংলার বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও জনজীবন তার সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে।

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথেরই রচনা। এর মধ্য দিয়ে এই ভূখণ্ডের সঙ্গে তার সম্পর্ক রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে।

রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বাংলা ভাষার বিশ্বস্বীকৃতিরও এক ঐতিহাসিক ঘটনা। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। এই অর্জন আজও বাঙালির অন্যতম সাংস্কৃতিক গর্ব।

জন্মজয়ন্তী উপলক্ষে আজ দেশব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে কবিগুরুকে। সংস্কৃতি মন্ত্রণালয় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে। এবারের প্রতিপাদ্য ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন জেলায় নেওয়া হয়েছে রাষ্ট্রীয় কর্মসূচি। এ বছর কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

কুষ্টিয়ার পাশাপাশি কবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরেও আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। 

সেখানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর।

এ ছাড়া খুলনার দক্ষিণডিহিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রায় এক ঘণ্টাব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে থাকবে নৃত্য, সংগীত ও আবৃত্তি।

ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি পালন করা হবে। একই সঙ্গে কবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি বিশেষ স্মরণিকা ও পোস্টার মুদ্রণ ও বিতরণ করেছে।

বরাবরের মতো ছায়ানটও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছে।

এদিকে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ বৈশাখ (১১ মে) বাংলা একাডেমি ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ প্রদান করবে। এবার রবীন্দ্রসাহিত্য গবেষণায় অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় শিল্পী বুলবুল ইসলাম এ পুরস্কার পাচ্ছেন।

পরবর্তী খবর

আলোর ‍মুখ দেখছে ইরফানের সিনেমা

| প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৬
দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউটিউবে মুক্তি পেল প্রয়াত অভিনেতা ইরফান খান এবং বিদ্যা বালান অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘দ্য লাস্ট টেন্যান্ট’। ইরফানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই ছবি ইতিমধ্যেই ভক্তদের আবেগে ভাসাচ্ছে।

পরিচালক সার্থক দাসগুপ্ত নির্মিত এই ছবিটি নব্বইয়ের দশকের শেষ দিকে তৈরি হলেও নানা জটিলতায় এতদিন মুক্তি পায়নি। ছবিটির মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় এটি প্রায় বিস্মৃতই হয়ে গিয়েছিল। পরে একটি ভিএইচএস কপি উদ্ধার করে পুনরুদ্ধারের মাধ্যমে অবশেষে দর্শকের সামনে আনা সম্ভব হয়।

প্রায় ৪৩ মিনিটের এই সিনেমাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ইরফান খান ও বিদ্যা বালানের একমাত্র যৌথ কাজ। একই সঙ্গে এটি বিদ্যা বালানের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকের কাজগুলোর একটি।

তবে এই মুক্তির আনন্দের মাঝেও রয়ে গেছে গভীর আক্ষেপ। নিজের এই কাজটি আর দেখে যেতে পারলেন না ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিরল নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রখ্যাত অভিনেতা।

ইউটিউবে প্রকাশের পর ‘দ্য লাস্ট টেন্যান্ট’ যেন শুধুই একটি সিনেমা নয়—এটি হয়ে উঠেছে স্মৃতি, নস্টালজিয়া আর এক অনুপস্থিত তারকার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। বিশেষ করে ইরফান খানের ভক্তদের কাছে এটি এক অনির্বচনীয় আবেগের নাম।