ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা, ভারত সফর নিয়ে আলোচনা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬


নিজস্ব প্রতিবেদক:

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাই উচিত।’

জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বোঝা যাবে।’ তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘বোয়িং কিনতে হবে। মাঝে-মধ্যে এয়ারবাসও কিনবো। এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে এটা কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।’

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমশক্তি রফতানি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে দাবি করে তিনি বলেন, ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানি করা হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।