ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক এক আদেশে তার নতুন কর্মস্থল হিসেবে ঢাকা বিভাগীয় কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের কথা জানানো হয়। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. মাসুদ আলম। একই পদে তাঁকে এখন ঢাকা বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

তার জায়গায় চট্টগ্রামে যাচ্ছেন ঢাকার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞা। অর্থাৎ দুই বিভাগের এই দুই কর্মকর্তার দায়িত্ব অদলবদল করা হয়েছে।


বিআরটিএর সেবা ও বিভিন্ন অনিয়ম নিয়ে পরিদর্শনের সময় কয়েক বছর আগে মো. মাসুদ আলমকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সে সময় কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’

ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মন্ত্রীর সেই সংলাপ নিয়ে তৈরি হয় নানা আলোচনা, ব্যঙ্গ ও মিম। আর সেই ঘটনার মধ্য দিয়েই বিআরটিএর কর্মকর্তা মাসুদ আলম পরিচিত হয়ে ওঠেন দেশের মানুষের কাছে।

সাম্প্রতিক বদলি আদেশে অবশ্য মাসুদ আলম একা নন, বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।