চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ-ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, আটক ৩

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত থেকে নগরের খুলশী ও সিটি গেট এবং হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, ঘটনার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে কিছু নথিপত্র পুড়ে যায়।

অন্যদিকে, হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বাস ভাঙচুরের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ওসি জাহিদুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কথা জানিয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এদিকে নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা অটোরিকশায় এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, নগরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।