তৈরি পোশাক খাতে অস্থিরতা রোধে শ্রমিক-মালিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

তৈরি পোশাক খাতে সাম্প্রতিক অস্থিরতা ঠেকাতে শ্রমিক ও মালিক উভয় পক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘২য় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী বলেন, সবাই সজাগ থাকলে পোশাক খাতের এ ধরনের অস্থিরতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। পাশাপাশি শ্রমিকদের কল্যাণে ৬টি মেডিকেল হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যার কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তৈরি পোশাক খাতের চলমান অসন্তোষকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম সংশোধনী আইন ২০২৬ ও শতভাগ শ্রমিকবান্ধব বাজেট দেয়ার পরও রাস্তায় যে অসন্তোষ দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র।’

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের অগ্রগতির ওপর আস্থা রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় আরও ৩ বছর বাড়িয়েছে জাতিসংঘ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম মানদণ্ড বজায় রাখলে বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।