ব্যারিকেড ভেঙে ‘যমুনা’র সামনে সরকারি কর্মচারীদের অবস্থান, টিয়ারগ্যাস নিক্ষেপ
পুলিশি বাধা ও জলকামান উপেক্ষা করে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে গিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে বের হওয়া হাজারো কর্মচারী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ব্যারিকেড ভেঙে সেখানে পৌঁছান। যমুনার সামনে গিয়ে বসে পড়েন তারা
এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে বর্তমানে যমুনার সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।