ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন অঞ্চলের দু-এক জায়গায় এই বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।