দক্ষিণ আফ্রিকায় গুলিতে শরীয়তপুরের যুবক নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৫ | আপডেট: ৫:০২ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে বিল্লাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। শুক্রবার (২০ জুন) রাতে নিহতের বাবা সিরাজ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আরকে বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম এমদাদুল হক। বাড়ি কিশোরগঞ্জ। নিহত বিল্লাল হোসেন (৩৮) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে।

স্থানীয়রা জানায়, ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ডাকাত দল হানা দেয়। তারা টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন বিলাল হোসেন ও তার সহকর্মী এমদাদুল হক।

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচব। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, পরিবারটির খোঁজখবর নেব। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।