গ্রামের বাড়িতে আগুন: ‘আ.লীগের পরিকল্পিত হামলা’র অভিযোগ এমপি নুসরাতের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ‘আওয়ামী লীগের পরিকল্পিত হামলা’ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার দাবি, ঘটনার আগে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নুসরাত তাবাসসুম।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও কয়েকটি নম্বর থেকে হুমকি আসে। এ ঘটনায় ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল।


নুসরাত তাবাসসুমের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি হুমকিমূলক সতর্কবার্তা দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার পৈতৃক বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার ধারণা, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আওয়ামী লীগেরই কাজ।’ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের লোকজন উল্লাস করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ জানান নুসরাত তাবাসসুম। তার অভিযোগ, ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাহিনীর সদস্যরা কোনো আলামত সংগ্রহ করেননি। দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনাটিকে সুপরিকল্পিত হামলা উল্লেখ করে নুসরাত তাবাসসুম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢিলেঢালা। এর সঙ্গে বিভিন্ন বিষয়ের যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় দৌলতপুর থানায় গিয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।