নেত্রকোনায় শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা প্রতিষ্ঠাতা-পরিচালক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার জালশুকা এলাকার ‘মা ফার্মেসি’র স্বত্বাধিকারী এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশুটি ওই ব্যক্তির ফার্মেসিতে কাজ করত।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের ফার্মেসিতে ভাঙচুর চালান এবং নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরে রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্তকে আটক করা হলে পরিস্থিতি শান্ত হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
ইউএনও মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তিনি পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।