আ.লীগের টাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ: তথ্য উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অর্থায়নে দেশে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্য, এসব ঘটনায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বর্তমান পরিস্থিতিতে কেউ দলটির কার্যক্রম চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।