গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১০ প্লাটুন আনসার মোতায়েন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানাগুলোতেও উৎপাদন কার্যক্রম সচল রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৯ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ গুরুত্বপূর্ণ এলাকায় ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।


অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় মোতায়েন রয়েছেন আরও চার প্লাটুন সদস্য। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টরা। এ ছাড়া গাজীপুরে উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মো. শাহীন মিয়া সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও কাজ করছেন।